Professor, Department of Oral and Maxillofacial Surgery
Sapporo Dental College and Hospital
Former Professor and Head of Department
Shaheed Suhrawardy Medical College
Senior Consultant
Labaid Cancer Hospital & Super Speciality Center
অধ্যাপক ডা: নাসির উদ্দিন ফেনী জেলার দাগনভূঞা উপজেলাধীন বারাহী গোবিন্দ গ্রামের আবদুস সাত্তার মুন্সি বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বারাহী গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, জায়লস্কর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক এবং ঢাকা ডেন্টাল কলেজ থেকে বি.ডি.এস. ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে জাপান ডেন্টাল অ্যাসোসিয়েশনে বৃত্তি নিয়ে ওসাকা ইউনিভার্সিটি (জাপান) থেকে উচ্চতর সার্জিক্যাল প্রশিক্ষণ গ্রহণ করেন। মুখমণ্ডলের ক্যান্সার, টিউমার, ঠোঁট ও তালুকাটা, দুর্ঘটনাজনিত মুখমণ্ডলের আঘাত এবং মুখমণ্ডলের অন্যান্য জটিল রোগের অপারেশন এর মধ্যে উল্লেখযোগ্য।
১৯৯৫ সালে ১৫তম বি.সি.এস. পরীক্ষার মাধ্যমে তিনি সরকারি চাকরিতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুমিল্লাতে যোগদান করেন। ১৯৯৯ সালে তিনি ঢাকা ডেন্টাল কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতায় প্রবেশ করেন। ২০১০ সালে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম.এস ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১০ সালের মার্চ থেকে ২০১০ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়কালে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে দন্তচিকিৎসা এবং ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি উন্নয়নের উদ্যোগ নেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় ঢাকা মেডিকেল কলেজে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিষয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপকের পদ সৃষ্টি হয় এবং বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ বিভাগ। ২০১০ সালে ঢাকা ডেন্টাল কলেজে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে সহকারী অধ্যাপকের দায়িত্বপ্রাপ্ত হন। ২০১৪ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে ঢাকা ডেন্টাল কলেজে কর্তব্যরত ছিলেন। ২০১৯ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন এবং উক্ত বিভাগে এম.এস কোর্স চালু করেন। ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারে সিনিয়র কনসালটেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ডা: নাসির উদ্দিন ভারতের প্রখ্যাত ম্যাক্সিলোফেসিয়াল সার্জন প্রফেসর আশিষ কুমার ঘোষের নিকট মুখমণ্ডলের অসামঞ্জস্যতার উপর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ডিসট্রাকশন অস্টিওজেনেসিসে তার প্রশিক্ষণ তাকে বাংলাদেশে ম্যান্ডিবুলার লেংথিং সার্জারি প্রতিষ্ঠার পথিকৃৎ হওয়ার সুযোগ করে দেয়। তিনি ২০১২, ২০১৩ এবং ২০১৪ সালে টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে ফেসিয়াল প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারিতে প্রশিক্ষণ গ্রহণ করেন।
২০০৪ সালে জাপানের এশিয়ান কংগ্রেসে ঠোঁটকাটা রোগীদের নাকের অসামঞ্জস্যতা অপারেশনে তার অবদানের স্বীকৃতিস্বরূপ “মোডাস এওয়ার্ড” (MODUS Award, 2004) প্রাপ্ত হন।
তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনস-এর সহ-সভাপতি, বাংলাদেশ একাডেমি অব ডেন্টিস্ট্রি ইন্টারন্যাশনালের এডভাইজার, বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটির কার্যকরী কমিটি সদস্য।